আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর সড়কের পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত পরিবহন কাউন্টার, দোকানপাট, অবৈধ স্ট্যান্ড, অস্থায়ী স্থাপনা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ৫০টিরও বেশি অবৈধ পরিবহন কাউন্টার ও দোকান অপসারণ করা হয়েছে।
এছাড়া, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একটি যানবাহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান ও মিজানুর রহমান, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, হাইওয়ে পুলিশ এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার মাধ্যমে যানজট কমানো এবং ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করাই এ অভিযানের মূল লক্ষ্য।
এ সময় অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং সড়কে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের স্বেচ্ছায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সকলের সম্মিলিত সহযোগিতায় আসন্ন ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন হবে বলে তারা আশা করছে। অন্যথায় ভবিষ্যতে প্রশাসন, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং যৌথবাহিনীর সমন্বয়ে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।