পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে লাখো মানুষের সমাগমকে পুঁজি করে মানুষের মূল্যবান মালামাল হাতিয়ে নেওয়ার সময় মলম পার্টির তিন সদস্যকে আটক করেছে জনতা। শনিবার (২৫ জানুয়ারি) রাতে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ এলাকায় সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত কয়েকজন তাদের আটক করেন।মাহফিলের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মাহফিল চলাকালীন ভিড়ের সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয়রা তাদের সন্দেহ করে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেন। পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাহফিলের পাশে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন করে জানিয়েছে মলম পার্টির তিনজনকে জনসাধারণ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।