নোয়াখালীর হাতিয়ায় প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে আজ ৪ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোট তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জাটকা হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।