আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথ বাহিনীর চেকপোস্টসমূহ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে তিনি জেলার গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলো ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। জনগণের জানমাল ও ভোটাধিকার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত ও নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে টহল ও চেকিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
এছাড়া পুলিশ সুপার পরবর্তীতে নওগাঁর বদলগাছী থানায় আকস্মিক পরিদর্শন করেন। সেখানে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য—এই মনোভাব নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।