নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী সাহেব আলীকে আটকের পর র্যাবের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় র্যাবের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন। আহত র্যাব সদস্যদের মধ্যে দুজনের নাম জানা গেছে। একজন তুহিন ও অপরজন ফাহিম। অন্যদিকে রানা নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে আটক করে। এরপর তার সহযোগীরা সংঘবদ্ধভাবে র্যাবের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে সাদা পোশাকে র্যাব-১১ এর একটি দল সাহেব আলী (৩৮) ও তার এক সহযোগীকে আটক করে। সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে।
সূত্র জানায়, সাহেব আলী ও তার সহযোগীকে আটক করার পর দুই র্যাব সদস্য তাদের পাহারায় বউবাজার তিন রাস্তার মোড়ে শীতল নামের এক ব্যক্তির চায়ের দোকানে বসে অপেক্ষা করছিলেন। এসময় দলের অন্য সদস্যরা এলাকাটিতে আরও কয়েকজন সহযোগীকে আটক করতে যায়। এসময় আটককৃত সাহেব আলীর সহযোগীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে র্যাব সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দোকানের চেয়ার ছুড়ে মারাসহ ইট-পাটকেলের আঘাতে র্যাবের অন্তত তিনজন সদস্য এবং স্থানীয় রানা নামের এক ব্যক্তি আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন।
বিসমিল্লাহ ফার্মেসির কর্মচারী শাহাদাত হোসেন বলেন, চারজন লোক দোকানে চিকিৎসার জন্য আসেন। একজনের মাথায় এবং দুজনের হাতে আঘাত ছিল। আমরা প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করি। পরে র্যাবের অন্য সদস্যরা এসে তাদের নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি) কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা দল সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে যায়। এসময় একদল সন্ত্রাসী আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। আটককৃত সাহেব আলীকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে এ ঘটনার পর এলাকাটিতে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে সাহেব আলী ও তার সহযোগীদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।