নওগাঁর পত্নীতলা উপজেলায় এক নারী তার ১৬ মাস বয়সী শিশুকে ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়ার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে নজিপুর এলাকায় আত্রাই নদীর ওপর অবস্থিত ব্রিজে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি তার শিশুকন্যা রুপসাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছেন।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) কে অবহিত করা হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদীতে অনুসন্ধান চালায়। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত শিশুটিকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হয়ে ওঠে। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।
ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ এবং এর আগেও তিনি একাধিক অস্বাভাবিক আচরণে জড়িয়েছেন। খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উদ্ধারকাজে সহযোগিতাকারী ব্যক্তিকে পুরস্কৃত করেন।