নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে জমি, পুকুর ও কবরস্থানের জায়গা দখলকে কেন্দ্র করে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত তয়ম প্রামাণিকের ছেলে মো. রজব আলী ও তার পরিবারের মালিকানাধীন সম্পত্তি দখল করতে চেষ্টা করেছেন একই গ্রামের মৃত তমিজ চকদারের ছেলে ফরহাদ চকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন, মো. মহসিন আলী, লুৎফর রহমান ও সুজা উদ্দিন প্রামাণিক।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দলবল নিয়ে হামলা চালিয়ে রজব আলীর পরিবারকে মারধর করেছে, পুকুরের মাছ লুট করেছে এবং কবরস্থানের কয়েকটি গাছ কেটে ফেলেছে।
ভুক্তভোগী রজব আলী বলেন, আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুকুরের মাছ ও গাছ লুট করা হয়েছে। জোর করে আমিন এনে সীমানা পিলার বসিয়ে জমি দখল করা হচ্ছে। দেশীয় অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ বিষয়ে ৯৯৯-এ একাধিকবার ফোন করার পরও মান্দা থানা পুলিশ কোনো সহায়তা দেননি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফরহাদ চকদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার লোকজন বাধা দেয়। পরে ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ঘটনার পর ওসি কেএম মাসুদ রানা-র একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে ওসি জানান, ঘটনার খবর পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।
স্থানীয়রা পুলিশি পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ছাড়া এলাকায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।