নওগাঁয় জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ জন কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার ১১টি থানায় একযোগে পরিচালিত অভিযানে নওগাঁ সদর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অংশ নেয়। এসব অভিযানে মোট ২৮০ লিটার চোলাই মদ, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৩ পিস ইয়াবা এবং ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ESKUF’ এর ১৫ বোতল উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটো চার্জার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার সর্বত্র মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং সমাজব্যাপী মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।