নওগাঁ জেলার সাপাহার-পোরশা-গোমস্তাপুর আঞ্চলিক সড়কে গভীর রাতে তিন দফা ডাকাতির চেষ্টা প্রতিহত করেছে পুলিশ। টানা টহল কার্যক্রমের কারণে দুষ্কৃতিকারীরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টা থেকে ৩টার মধ্যে কয়েকজন দুষ্কৃতিকারী সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। তবে নওগাঁ জেলা পুলিশ ও পোরশা থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পাশের ঘন আমবাগানে পালিয়ে যায়। পরে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
জেলা পুলিশ জানায়, সড়কটির দুই পাশে দীর্ঘ আমবাগান ও নির্জন পরিবেশের সুযোগ নিয়ে একটি চক্র মাঝেমধ্যে এমন অপচেষ্টা চালায়। তবে সাম্প্রতিক সময়ে টহল জোরদার এবং অভিযানের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত আড়াই মাসে স্থানীয় ও আন্তঃজেলা মিলিয়ে ২০ জনের বেশি ডাকাত গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সড়কে অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার ভুক্তভোগীদের দ্রুত থানায় অভিযোগ করার আহ্বান জানিয়ে বলেন, “অপরাধ প্রতিরোধে মামলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সবার ‘অ্যাক্সেস টু জাস্টিস’ নিশ্চিত করতে চাই।” একই সঙ্গে সড়ক এলাকায় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি