নওগাঁর মান্দায় বাবাকে দায়ী করে স্কুল পড়ুয়া এক মেয়ের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। শনিবার (২৬ জুলাই) নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে আফরিন আক্তার রিভা (১৪) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিভা পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের মো. আকবর হোসেনের মেয়ে। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুবাদে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করেন। সন্তানদের পড়াশোনার জন্য প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসা নেন। মাত্র ২ সপ্তাহ আগে দ্বিতীয় স্ত্রীকে ওই বাসায় নিয়ে আসেন আকবর হোসেন। এরপর থেকেই বাড়তে থাকে পারিবারিক অশান্তি। আত্মহত্যা করা করা আফরিন আক্তার রিভা তার বাবাকে লক্ষ করে চিঠিতে লিখেন- “আপনি আমার জীবনটা তচনচ করে দিসেন… আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন। আপনি যেনো আমার গায়ে হাত না দেন, আমার কবরে মাটি না দেন, নাহলে আমি জাহান্নামেও শান্তি পাব না।” এদিকে নিহত রিভার ভাই জানান, শুক্রবার (২৫ জুলাই) রাতে মোবাইলে কথা বলা নিয়ে রিভার সঙ্গে তার সৎ মায়ের বাকবিতণ্ডা হয়। এরপর তিনি সৎ বোনদের সঙ্গে না ঘুমিয়ে পাশের একটি কক্ষে একা ঘুমাতে যান। শনিবার সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। ঘটনার পর থেকেই সৎ মা ও সৎ বোন পলাতক রয়েছেন। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।