নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেন (৪০) কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপির নেতা-কর্মীরা। তিনি তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও কছিম উদ্দিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে আফজাল হোসেন প্রায় ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় ত্রাস সৃষ্টি করে তিনি রাজনৈতিক দাপট দেখাতেন। বিএনপি নেতাকর্মীরা বারবার অভিযোগ জানালেও তার দলীয় পরিচয় ও ক্ষমতার কারণে সবসময়ই তিনি রক্ষা পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন আফজাল হোসেন। অবশেষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দার সবাইহাট এলাকায় হঠাৎ তাকে দেখতে পান বিএনপির নেতা-কর্মীরা। পরে তারা তাকে আটক করে উৎসুক জনতার সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করেন।