নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় নিয়ামতপুর-ধানসূরা সড়কে স্থাপিত চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বালুয়াচরি এলাকার মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই এলাকার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা এলাকার গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন এনে নিয়ামতপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
পুলিশ উদ্ধারকৃত হেরোইন, ব্যবহৃত মোটরসাইকেল এবং আটক আসামিদের থানায় হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।