নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি আক্তার, ছেলে জাকির হোসেন ও মেয়ে সাবিয়া।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে চারজনকে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।