নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধর্ষণ মামলা দায়ের করায় বাদীনিকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইয়ানুর বেগম।
তিনি অভিযোগ করে বলেন, চর আমান উল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন এলাকার আব্দুল আলীর পুত্র জহির ইসলামের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে জহির একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একই সঙ্গে ব্যবসার কথা বলে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ আত্মসাৎ করেন।
ইয়ানুর বেগম আরও বলেন, পরে জহির ইসলাম তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেন। আত্মীয়-স্বজনদের পরামর্শে তিনি চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আসামির পরিবারের সদস্য ও সহযোগীরা তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত জহির ইসলাম বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে আটক রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসামিপক্ষের হুমকিতে তার বৃদ্ধ বাবা-মা ও পরিবারের সদস্যরাও চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টাও চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি নিজেকে জহির ইসলামের স্ত্রী হিসেবে স্বীকৃতি ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।