কুমিল্লার দাউদকান্দিতে ৮ বছরের এক শিশুকে ফুসলিয়ে নির্জন ভুট্টা ক্ষেতে নিয়ে নির্যাতন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে দাউদকান্দি পৌর এলাকার একটি গ্রামে একদল দুষ্কৃতকারী শিশুটিকে ফুসলিয়ে নির্জন একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। এ সময় শিশুটির কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ঘটনার পর স্বজনরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, “ভুক্তভোগী পরিবার এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”