কুমিল্লার দাউদকান্দির রায়পুর মাতৃভূমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মুশফিকুর রহমানের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অভিযুক্ত শিক্ষার্থী রুহেল সরকার জানান,
দুই দিন স্কুলে উপস্থিত না থাকার পর বুধবার স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল রাগান্বিত হয়ে দোতলা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে। রুহেল জানান, মাথায় তীব্র ব্যথার পাশাপাশি হাতের কনুইতেও প্রচণ্ড ব্যথা রয়েছে।
এ ঘটনার বিষয়ে জানতে স্কুলের অধ্যক্ষ ওমর ফারুকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।