কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় গত (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগের একটি আকস্মিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হতেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অন্তত পাঁচজনকে আটক করে। ঘটনাস্থল থেকে মিছিলের ব্যানার, লিফলেট এবং বেশ কিছু উত্তেজনাকর স্লোগান লেখা প্ল্যাকার্ড জব্দ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাঁড়াশি অভিযান রাত পর্যন্ত চলতে থাকে। পুলিশের উপস্থিতিতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং এলাকায় পুনরায় শান্তি ফিরে আসে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, মিছিলটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পূর্বপরিকল্পিত কর্মকাণ্ডের অংশ ছিল, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। 
ওসি জুনায়েত চৌধুরী আরও বলেন, ঘটনাটির পরদিন (১৭ সেপ্টেম্বর) বুধবার থানায় পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দাউদকান্দি মডেল থানায় দায়ের করা মামলাটি নং ৩০/১৭-০৯-২০২৫ হিসেবে রুজু হয়।