কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১নং ওয়ার্ডের নুরপুর গ্রামে জমি পরিমাপকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের অতর্কিত হামলায় সাংবাদিকসহ একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাজী আব্দুস সামাদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নুরপুর গ্রামে পৈত্রিক জমি পরিমাপ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আনিসের নেতৃত্বে হামলাকারীরা রামদা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এ সময় গুরুতর আহত হন হাজী আব্দুস সামাদ মোল্লা (৬০), জাকির মোল্লা (৪৫), দৈনিক সংবাদের দাউদকান্দি প্রতিনিধি জসিম মোল্লা (৫৫)সহ আরও সাতজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে যান। আহত হাজী আব্দুস সামাদ মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।