কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আলী আকবর (৫৫), তিনি পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে আবুল কালাম (৩৫)-কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় সরকার। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল কালাম বসতঘরে তার বাবা আলী আকবরকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে এলাকাবাসী অভিযুক্ত আবুল কালামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।