ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন Yamaha Motor Company–এর এফজেডএস মডেলের মোটরসাইকেল উদ্ধার করেছে কুমিল্লার লাকসাম থানা পুলিশ। এ ঘটনায় শাহপরান (৩৬) নামে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ট্রাকচালক শাহপরানের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দক্ষিণ) ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক লাকসাম উপজেলার মুদাফরগঞ্জের ফুলহরা গ্রামে প্রবেশ করে। ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে দুই-তিনজন ব্যক্তি এদিক-ওদিক ঘোরাফেরা করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন।
একপর্যায়ে স্থানীয়রা ট্রাকের ভেতরে কী আছে দেখতে চাইলে ট্রাকের সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়। পরে ট্রাকের ভেতরে নতুন ৯টি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল দেখতে পেয়ে সেগুলো চোরাই সন্দেহে চালককে আটক করা হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং চালককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শাহপরানের বিরুদ্ধে থানায় আগেও তিনটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে লুট করে অন্যত্র নেওয়া হচ্ছিল।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, সংশ্লিষ্ট ঢাকার খিলগাঁও থানা থেকে মোটরসাইকেল শনাক্ত করতে পুলিশের একটি প্রতিনিধিদল লাকসামে আসছেন। তারা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।
তিনি আরও জানান, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।