আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং থ্রি-হুইলারের অবাধ চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে সহযোগিতা করে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা, উপজেলা শ্রমিকদল ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।
পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই ভোগান্তি এড়াতে আগেভাগেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা থাকলে যান চলাচল স্বাভাবিক রাখতে কোনো সমস্যা হবে না বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।