জয়পুরহাটের পুরানাপৈল তাজপুর মৌলভীপাড়া গ্রামে ঘাটক স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ রোকেয়া বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহির উদ্দিনকে ঘটনাস্থল থেকেই আটক করে।
স্থানীয়দের দাবি, রোববার রাতের কোনো একসময় পারিবারিক কলহের জেরে স্বামী ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমকে গলা কেটে হত্যা করে। জহির উদ্দিন দীর্ঘদিন ধরে স্ত্রীকে সন্দেহ করতেন এবং সামান্য বিষয়েও নির্যাতন চালাতেন। এলাকাবাসীর সাথে স্ত্রী যোগাযোগ করলেই তার ওপর অত্যাচার চালাতো জহির।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রতিবেশী বলেন, হঠাৎ চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজনরা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জহির উদ্দিনকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।