জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা- ইটাখোলা রাস্তায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের সামনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধা ৬ টার সময় উপজেলার মুন্দাইল এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুলাল হোসেন (৩৫) ক্ষেতলাল হেরাকুলা গ্রামের আজিজার রহমানের ছেলে। অপর জন উপজেলার কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম (৪৫)। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ইফতারের পূর্ব মহুর্তে নিশ্চিন্তা থেকে ইটাখোলা যাওয়ার পথে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।