কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বাজার এলাকায় দুইটি চায়ের আড্ডায় যৌথবাহিনী অভিযান চালিয়েছেন। এতে ৪টি মোটরসাইকেল জব্দ ও ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ শনিবার (২১ জুন) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন এর নেতৃত্বে অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফারহান ইশরাক নাবিল, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হকসহ পুলিশের সঙ্গীয় ফোর্স। 
অভিযানের সময় দক্ষিণগ্রাম বাজার এলাকার দুটি চা-দোকানের সামনে চা-আড্ডায় থাকা মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় মাহবুব (দৌলতপুর), পাভেল (ছিনাইয়া), সিয়াম (বরুড়া) ও দিদার হোসেন (ভাড়াপাড়া) নামের চারজনের ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও চা-দোকানের আশপাশের পরিত্যক্ত স্থান থেকে বেশ কিছু ফেন্সিডিল ও বিয়ারের খালি বোতল উদ্ধার করা হয়েছে। এতে দোকান মালিকদের সতর্ক করা হয় এবং চা আড্ডার নামে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশ প্রদান করা হয়। 
স্থানীয় সূত্র ও তথ্যমতে, বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার ভারতীয় সীমান্তের কুমিল্লা-বাগড়া সড়কের পাশে ফকির বাজার, দক্ষিণগ্রাম, শংকুচাইল ও শশীদল রেলস্টেশন এলাকার চা-দোকানগুলোতে দিনে ও রাতে চা দোকানগুলোতে বেশ জমেছিলো আড্ডাখানা। শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল আরোহী প্রতিদিন এসব দোকানে এসে ভিড় করছেন। সন্ধ্যার পর জমে ওঠে আড্ডা, আর সেই আড্ডার আড়ালে সহজেই মিলতো ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। স্থানীয়দের অভিযোগ, এসব চায়ের দোকানে আগতদের অনেকের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকে না। তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে। 
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, দক্ষিণগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানদারদের সতর্ক করা হয়েছে এবং চা-আড্ডার নামে এমন কার্যক্রম চলতে দেওয়া হবে না। এমন অভিযান চলমান থাকবে। ভবিষ্যতে এসব আড্ডাস্থলে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।