কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে আটক করা হয়েছে। রবিবার (৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবাবপুর দক্ষিণ বাজার এলাকায় একটি টিনসেট ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশিও রামদা, এক বোতল বিদেশী মদ, ইয়াবা সেবনের উপকরণ, ১০টি মোবাইল ফোন এবং গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলো- নবাবপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মো. রাজিব (১৮), জামাল এর ছেলে মো. কাদের (২০), আনোয়ার মিয়ার ছেলে মো. কবির (২৪), সোহেল এর ছেলে মো. গিয়াস (২৪) এবং আব্দুল সামাদ প্রবাসীর ছেলে মো. নিরব সাগর (২১)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক বেচাকেনা ও নিয়মিত সেবনের আসর চলছিল। মাদক ব্যবসায়ীদের ভয়ে সবাই তটস্থ থাকত। অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গতকাল মাঝ রাতে যৌথ অভিযানে প্রায় ৬শ ইয়াবাসহ ৫ যুবককে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।