চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মুন্না (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সমনে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন তাদের মধ্য থেকে আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) ও হৃদয় (২১) নাম জানা গেছে। পুলিশ ও আহতরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা শিল্প ও বাণিজ্য মেলায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব জাহিদ হোসেন অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জেরে মেলার গেইটে সিএনজি অটোরিকশার টোল আদায়সহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা জাহিদ অনুসারীদের ওপর কামরুল অনুসারী ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে জাহিদের অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে চলে আসে। সেখানেও দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাহিদ অনুসারীরা মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।