গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে আটক হওয়া তিন জুয়ারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে ফের অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হয়। তবে আটকদের স্বজনরা ও স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আটক ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পুনরায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
আটকরা হলেন— ফুলছড়ি থানার চন্দিয়া গ্রামের নয়াপাড়া এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে জিল্লুর হাওলাদার (৫৫), রাজু মিয়ার ছেলে সাগর রহমান (৩৩), সোলেমান মিয়ার ছেলে মনিরুল মিয়া (২৫),
জলিল মিয়ার ছেলে জসিম মিয়া (২৭), মাহাবুর আলালের ছেলে লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফাজুলের ছেলে ছালাম মিয়া (৪৭) ও
চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
ফুলছড়ি থানা-পুলিশ জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটকদের ছিনিয়ে নেওয়া তিন আসামিসহ হামলার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য এলাকায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে চন্দিয়া এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।