খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা জানান জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকবো। তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের পুনবার্সনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।
ডিসি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এসময় ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।
এ দিকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি থমথমে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসা পর্যটকরা রয়েছে বেশি দুর্ভোগে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছে। জেলা প্রশাসক জানান, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।