জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার খলিসাগাড়ি জমিদারবাড়ি মন্দিরে দায়িত্ব পালনের সময় মারা গেছেন কালাম মন্ডল (৬০) নামে এক আনসার কমান্ডার (এপিসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত কালাম মন্ডল উপজেলার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। ঘটনার পর সহকর্মীরা তাকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমনা নওশিন বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আনসার কমান্ডারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি স্বাভাবিক মৃত্যু বলেই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কালাম মন্ডল দীর্ঘদিন ধরে আনসার বাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আনসার বাহিনী তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এদিকে কালাম মন্ডলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় করেন।