কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় রবিবার রাতে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা সদরের চাঁনপুর (ইউনুস মেম্বারের বাড়ি) এলাকার মৃত. আলী আশরাফের ছেলে মোঃ আরিফ (৩০) , নগরীর মোগলটুলি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি (৪২), কালির বাজার ইউনিয়নের রাইচৌ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (৩৮), নগরীর ২নং ওয়ার্ডের ছোটরা এলাকার মৃত. আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে এ কে এম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া থানাধীন ঝলম ইউনিয়নের বাসিন্দা বর্তমানে সদরের ধর্মপুর এলাকার মিরাজের ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচং থানধীন বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার থানাধীন চাপা নগরের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা ও সদরের আমড়াতলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তফা।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের পরপরই তারা চারদিকে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা সাথে সাথে নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।