কুমিল্লার দাউদকান্দিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গোমতী ও মেঘনা সেতুর নিচে অবস্থিত সুরঙ্গ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে সেতুর সুরঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ধারণা, সংঘবদ্ধ একটি চক্র ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যানজটের সুযোগে অস্ত্র ব্যবহার করে ছিনতাই বা ডাকাতির পরিকল্পনা করেছিল। পাশাপাশি গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ছিল বলে সন্দেহ করছে সেনাবাহিনী।
দাউদকান্দি সেনানিবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে।”
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “অস্ত্র ও মাদক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র থানায় জব্দ রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।