কুমিল্লা নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত অনুমান সাড়ে ১১টা দিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে ও ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরজাহান বেগম প্রকাশ সুমি (৩৫) নামে এক নারীকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, আটককৃত নুরজাহান বেগম প্রকাশ সুমি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মদিনা নগর (সালমানপুর), ত্রিপুরা বাড়ি (ম্যাজিক প্যারাডাইসের পশ্চিম পাশে) বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মহিলা পুলিশকে জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।