“শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসন এবং জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার এবং অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন করার অপরাধে ৫টি পরিবহনের বিরুদ্ধে ৫টি মামলায় সর্বমোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, পরিদর্শক জোবায়ের হোসেন ও বিপ্লব কুমার সূত্রধর। এছাড়া অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে যানবাহন চালকদের শব্দদূষণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।