কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে সাজা দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত সদর দক্ষিণ থানাধীন পশ্চিম জোরকানন ইউনিয়নের মুসলিসপুর আশ্রম প্রকল্প এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এবং সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম।
অভিযানে মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্টের অভিযোগে ভাটপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে এমরান হোসাইন (২২) এবং মুসলিসপুর আশ্রম প্রকল্প এলাকার কাউসারের স্ত্রী হনুফা (৩২)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান এলাকাবাসী।