কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, হ্যান্ডকাপ ও ইয়াবাসহ সোলেমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর এলাকায় তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে শয়নকক্ষ থেকে আটক করা হয়। সোলেমান মৃত আব্দুল মান্নান এবং হোসনেয়ারা বেগমের সন্তান।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করে জানান, অভিযানে সোলেমানের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা, একটি ওয়াকি-টকি, পুলিশের ক্যাপ, হ্যান্ডকাপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোলেমানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ধর্ষণসহ অন্তত ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।