কুমিল্লায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত এনায়েত উল্লাহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার এবাদ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন আদালতে দায়ের করা মামলায় অন্ততঃ ৩টি সিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় আদালত তাকে মোট ২ বছর ২ মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত এনায়েত উল্লাহ বর্তমানে ঢাকার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নং ৮(সি)-তে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হবে।