কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশপাশের কয়েকটি জেলায় সংঘটিত ধারাবাহিক গরু চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা একটি সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮টি চোরাই গাভী গরু, একটি পিকআপ ভ্যান এবং দেশীয় অস্ত্রসহ চুরি-ডাকাতিতে ব্যবহৃত নানা সরঞ্জাম।
পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও পুলিশি টহল জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় চুরি ও ডাকাতির পূর্ববর্তী ঘটনাগুলোর তথ্য বিশ্লেষণ করে ৪ জানুয়ারি ভোর রাত সোয়া ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তঃজেলা গরু ডাকাত চক্রের সদস্যরা চোরাই গাভী গরু বিক্রয়ের উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানযোগে ফেনী থেকে ব্রাহ্মণপাড়ার দিকে রওনা হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করে। অভিযানে বিভিন্ন জাতের ৮টি গাভী গরু, একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যান এবং চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চান্দিনা ও লাকসাম থানার বিভিন্ন এলাকায় সংঘটিত গরু ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে এবং চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।