কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশাযাত্রী এক দম্পতির পথরোধ করে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়।
গ্রেফতারকৃতরা হলেন— হোমনা থানাধীন ওপারচর এলাকার মৃত রশিদের ছেলে সিয়াম (২১), মজিবুর রহমানের ছেলে রিফাত (২২) ও নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাতে তারা অটোরিকশাযোগে তিতাস উপজেলার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার ৬-৭ জন সহযোগী মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
পরে অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি জোরপূর্বক একটি নির্জন ইটের সড়কে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে এবং অন্যরা তার স্বামী ও অটোরিকশাচালককে দূরে সরিয়ে দেয়। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ডেইলি টাইমস নিউজকে জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।