কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশাযাত্রী এক দম্পতির পথরোধ করে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী হোমনা থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় একজনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করে মামলা করা হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাতে তাঁরা অটোরিকশাযোগে তিতাস উপজেলার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তাঁর ৬-৭ জন সহযোগী মোটরসাইকেলে এসে তাঁদের পথরোধ করেন।
পরে অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি জোরপূর্বক একটি নির্জন ইটের সড়কে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে এবং অন্যরা তাঁর স্বামী ও চালককে দূরে সরিয়ে দেয়। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।