কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই ফিলিং স্টেশন নামক পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এ সময় ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শাহরিয়ার ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
উপজেলা প্রশাসন জানায়, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং বিধিবহির্ভূত পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন আরও জানায়, নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা ভোক্তা অধিকার লঙ্ঘন। পাশাপাশি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পাত্রে জ্বালানি তেল বিক্রি করাও আইনত দণ্ডনীয় অপরাধ। জ্বালানি তেলসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।