কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর এলাকায় কৃষিজমির অবৈধ মাটিকাটা প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। তবে সঙ্গে সঙ্গে নিয়ে আসার সুযোগ না থাকায় সেটি জব্দ করা সম্ভব হয়নি।
অভিযানে অভিযুক্ত বিজয় চন্দ্র পাল সুজন (৩০) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে কৃষিজমির অবৈধ মাটিকাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।