ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়া নামক স্থানে ঢাকাগামী লেনে চাউল বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এসময় এ ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাওসিক আহাম্মেদ জানান, গভীর রাতে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাউল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হয় এবং আরো দুজন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) এবং অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। নিহতের লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।