কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটককৃতরা হলেন— চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা ওই দম্পতি রবিবার রাত অনুমান ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চান্দিনার মাদারপুরে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে রাত প্রায় অনুমান ১০টার দিকে কামারখোলা এলাকায় অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটে গন্তব্যের দিকে যেতে থাকেন।
এসময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের পথরোধ করে এবং দুর্ব্যবহার শুরু করে। পরে তারা আরও দুজনকে ডেকে আনে। অভিযোগ অনুযায়ী, এরপর সংঘবদ্ধভাবে গৃহবধূকে জোর করে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নির্যাতন চালানো হয়। এসময় স্বামীকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর স্বামী জানান, পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজন জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।