কুমিল্লা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, তিনি নির্বাচিত হলে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য উদ্ধার করে কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রূপান্তর করবেন। এভাবেই তিনি কুমিল্লার ভোটারদের প্রতি তাঁর রাজনৈতিক ঋণ শোধ করতে চান।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নোয়াগাঁওয়ে কুমিল্লা মহানগরীর ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “কে সংসদ সদস্য নির্বাচিত হবেন তা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।” তিনি দলের নেতা-কর্মীদের প্রতি সকল ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের প্রতি দলীয় মনোনয়ন প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁর বক্তৃতায় তিনি আরও বলেন,
“আমাদের নেতা তারেক জিয়া যে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর জাতীয় ঐক্য ধরে রেখেছেন, সেটি আজ বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রেখেছে। এই ঐক্য রক্ষা করার একমাত্র পথ একটি নির্বাচিত সরকার গঠন। কেউ যদি এই ঐক্যের বাইরে গিয়ে ভিন্ন পথ নেয়, দেশ বিপদে পড়বে, জাতি দিশাহারা হয়ে পড়বে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “৬৩ বছরের রাজনৈতিক জীবনে অনেক নেতা, মন্ত্রী, সংসদ সদস্য দেখেছি; কিন্তু তারেক জিয়ার মতো দূরদর্শী নেতা বাংলাদেশে আর নেই। তারেক জিয়া যতদিন আছেন, বাংলাদেশ পথ হারাবে না।”
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“ষড়যন্ত্রমূলকভাবে প্রথমে দুই ভাগ, পরে তিন ভাগ করে আমার এলাকার উন্নয়ন ব্যাহত করা হয়েছে। বিএনপি সরকার গঠন করলে কুমিল্লা বিমানবন্দর চালু করা হবে, ঢাকা-কুমিল্লা রেললাইন নির্মাণ করা হবে, যাতে কুমিল্লা ঢাকার আরও কাছাকাছি চলে আসে।”
এছাড়া তিনি গোমতী নদীতে একাধিক সেতু নির্মাণ, গোমতীর উত্তর পাড়ের মানুষকে কুমিল্লার মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা, আলেখারচরে আধুনিক বাস টার্মিনাল স্থাপন এবং আলেখারচর-শাসনগাছা সড়ককে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান।
সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ হানিফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য শাহ মোহাম্মদ সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক প্যানেল মেয়র আবদুস সালাম মাসুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা নাসির উদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদল কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, ও সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মজুমদার।
এসময় কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।