কুমিল্লায় স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ডিএনসির জালে আটক হয়েছেন দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টার সময় জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় মহাসড়কের দক্ষিণ পাশে CDM Travels বাস তল্লাশী করে তাদেরকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। ডিএনসির উপ-পরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই যুবক হলো- কুমিল্লার দাউদকান্দি মডেল থানাধীন বলদাখাল গ্রামের মৃত. হুমায়ুন কবিরের ছেলে হাবিবুর রহমান (৩০) ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো গ্রামের মতিউর রহমানের ছেলে মুন্না (২৩)। ডিএনসির উপ-পরিচালক জানান, আটককৃতদের বিরুদ্ধে উপ-পরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।