নওগাঁর আত্রাইয়ে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ কাউছার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কাউছার হোসেন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একজন মাদক ব্যবসায়ী ট্রেনে করে মাদক নিয়ে আত্রাইয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অভিযান চালায়। ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কাউছারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কাউছারকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগে আরও ৮টি মাদক মামলা রয়েছে এবং একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত হয়েছেন।