নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকার দুটি ব্যস্ততম সড়কের মাঝখানে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ ও যানবাহন চালকরা। জনবহুল এই সড়ক দুটির মাঝখানে খুঁটি থাকার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে এ সমস্যা চললেও এখনো তা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন বাজারে আসা-যাওয়া করা মানুষ, ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারের ভেতরে অবস্থিত দুটি ব্যস্ত সড়কের ঠিক মাঝখানে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি স্থাপিত রয়েছে। বাজারটি জনবহুল হওয়ায় প্রতিদিন এ পথে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল হয়। কিন্তু রাস্তার মাঝখানে খুঁটি থাকায় ছোট-বড় যানবাহনকে ঝুঁকি নিয়ে পাশ কাটিয়ে চলতে হচ্ছে। অনেক সময় খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আরিফুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং স্থানীয় সমাজসেবক মো. মুনজুরুল হক বলেন, প্রায় ২০/২৫ বছর ধরে এই সমস্যাটি রয়েছে। ভবানীপুর বাজারটি একটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার। প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন এই রাস্তা ব্যবহার করে। রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। জনস্বার্থে খুঁটি দুটি দ্রুত সরানো জরুরি।
তারা আরও বলেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, “এটার জন্য আমি দায়ী না। এ বিষয়ে আমি কিছু জানি না। রাস্তা যখন হয়েছে তখনকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর দায়ী। আমাদের কোনো ত্রুটি আছে কিনা, আমাদের লোক গিয়ে দেখে আসবে।”
অন্যদিকে, এজিএম রাজু হাসান বলেন,
“আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবো।”
স্থানীয়দের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার মাঝখান থেকে পল্লী বিদ্যুতের খুঁটি দুটি জরুরি ভিত্তিতে অপসারণ করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।