নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে পল্টু সাহার একটি মুদি দোকান এবং শহিদ হোসেনের একটি ইলেকট্রনিক্স দোকান রয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, পল্টু সাহার দোকানে প্রায় ৮ লাখ টাকা এবং শহিদ হোসেনের দোকানে প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকান দুটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।