নওগাঁর আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আত্রাই থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার পবনডাঙ্গা গ্রামে জনৈক দুলাল হোসেনের বাড়ির সামনে হেরিং রাস্তার ওপর ধান মাড়াইয়ের মেশিন সরানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাকিব হোসেনের পথরোধ করে গালিগালাজ শুরু করে।
প্রতিবাদ করলে রাকিব হোসেনকে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে সাদেক হোসেন, সোহাগ হোসেন ও মিজানুর রহমানকেও পিটিয়ে আহত করা হয়। হামলায় সাদেক হোসেনের বাম হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় মিজানুর রহমানের পকেট থেকে নগদ ২৯ হাজার ২৭০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সোমবার (১১ মে) আহতদের স্বজন আব্দুল আলিম বাদী হয়ে আত্রাই থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এজাহারে অভিযুক্ত হিসেবে পবনডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম, ইব্রাহিম প্রাং, নুর ইসলাম ওরফে বাবু, ইস্তাফা বিবি, আতাউর রহমান, ফেরদৌস প্রাং, সুখি বিবি এবং রাজশাহীর বাগমারা উপজেলার মঞ্জু হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি অব্যাহত আছে।