নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী “লালমনি এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরনে লুঙ্গি ও কালো গেঞ্জি ছিল।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।